১৭ ডিসেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম। আটক যাত্রীর নাম মুমিন উদ্দিন মামুন। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার সয়দুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান- দুবাই থেকে আসা বিজি ২৪৮ নং ফ্লাইটের যাত্রী ছিলেন মুমিন। সকাল ৯ টায় ওই ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কাস্টমসের যু্গ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানা যায় দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে তারা বিমান অবতরণের পর ভেতরে তল্লাশি করেন এবং এই বিমানে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোমিন উদ্দিন মামুন নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কাস্টমস কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ শুরু করেন। তার পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি প্রতিমাসেই দুবাইয়ে যাওয়া আসা করেন। তার আচরণে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তার দেহ তল্লাশি করে জুতার ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার উদ্ধার করেন, যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা। মোমিন উদ্দিন মামুনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।