৪ ডিসেম্বর ২০১৯
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল, শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুরের মৃত শফিকুর রহমানের ছেলে ছাদিকুর রহমান (২০), উলুয়াইল এলাকার ছানাউর আলমের ছেলে সালেহ আহমদ (২১), মৌলভীবাজার সদরের বিরাইমাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে ছয়ফুল মিয়া (২০) এবং শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকার আবদুস সাত্তারের ছেলে জুয়েল আহমদ (২৪)।
মঙ্গলবার রাতে শ্রীমঙ্গলের উত্তর উত্তরসুর হোটেল পর্যটন নিবাসের অফিস রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি পুরাতন রিভালবার, খেলনা পিস্তল এবং একটি সিলভার কালারের প্রাইভেট কার (যার নং ঢাকা মেট্রো গ ১২-০০০৬) উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, আসামিদের বিরুদ্ধে থানার এসআই দোলোয়ার হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-৪) দায়ের করেছেন।