২ সেপ্টেম্বর ২০১৭
লন্ডন প্রতিনিধি : লন্ডনে পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক আবহে কোরবানির ঈদ উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন। এ কারণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন না তিনি।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান জানান, ম্যাডাম এখানে এবার ছেলে, দুই পুত্রবধূ ও নাতনিদের নিয়ে ঈদ কাটিয়েছেন। এখনও তার চিকিৎসা চলছে।
যুক্তরাজ্য বিএনপি সূত্র জানায়, আগে যুক্তরাজ্য বিএনপি পরিবারের নেতা-কর্মীদের বিয়ের অনুষ্ঠানে প্রায়ই যোগ দিতে দেখা যেত তাকে। চলতি সপ্তাহে যুক্তরাজ্য বিএনপির দু’জন নেতার পরিবারের দু’টি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা চূড়ান্ত থাকলেও শেষ পর্যন্ত কোনটিতেই যোগ দেননি এই নেতা।
যুক্তরাজ্য বিএনপির দায়িত্বশীল সূত্র আরও জানায়, সব মিলিয়ে খালেদা জিয়ার শরীর খুব ভালো যাচ্ছে না। এ কারণে ছেলেও মায়ের কাছাকাছি সময় কাটাচ্ছেন বেশিরভাগ সময়।
সূত্র আরও জানায়, তারেক রহমান লন্ডনে তার বাড়ির পাশে কিংস্টন মসজিদ অথবা রিজেন্ট পার্ক মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া জিয়া পরিবারের সদস্যদের নামে দেশে, সৌদি আরব ও লন্ডনে কোরবানি দেওয়া হয়।
(আজকের সিলেট/২ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)