১ নভেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঠানটুলার সড়ক বিভাজকের গাছগুলো কাটার ব্যাপারে কিছুই জানতেন না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তাকে না জানিয়েই সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ গাছগুলো কেটে ফেলে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে পাঠানটুলা এলাকায় গিয়ে বৃক্ষরোপণকারী প্রয়াত আব্দুল বাতেনের পরিবার ও এলাকাবাসীর কাছে দুঃখও প্রকাশ করেন মেয়র।
একই সময় ভূমিসন্তান বাংলাদেশের পক্ষ থেকে গোঁড়া থেকে যাওয়া গাছগুলোকে সেবা দিয়ে বাঁচানোর চেষ্টা করা হবে বলে জানান ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির। ওই সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ও ভূমিসন্তান বাংলাদেশের সদস্যবৃন্দ বেঁচে যাওয়া বেশ কয়েকটি গাছের গোঁড়া পরিচর্যা করেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এত বড় গাছ কাটা হয়েছে আমি জানতাম না। সরজমিনে এই কাটা গাছগুলো দেখে আমি আহত হয়েছি। এ ঘটনায় আমি অনুতপ্ত। এটার দায়িত্বে ছিল সিসিকের প্রকৌশল বিভাগ। আর যেন গাছ কাটা না হয় এ বিষয়ে খেয়াল রাখতে সংশ্লিষ্ট বিভাগকে বলে দিব। আর যেসব জায়গায় সড়ক বিভাজকের উপযোগী নয় এমন গাছ লাগানো আছে সেগুলো পরিদর্শন করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্থানান্তর করা হবে।
প্রসঙ্গত, নগরীর সৌন্দর্যবর্ধনের জন্য ফুল গাছ রোপণ করতে গত সোমবার পাঠানটুলা এলাকার সড়ক বিভাজকের ৪৮টি গাছ কাটা হয়। যার মধ্যে ২২টি ছিল তাল গাছ ও বাকীগুলো ছিল ওষধি ও ফলজ গাছ। এই গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা।