২৯ অক্টোবর ২০১৯


কাঁথা-বালিশ-কম্বল নিয়ে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীরা

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : বারবার আশ্বাস দিলেও আবাসন সংকটের দৃশ্যমান কোনও সমাধান না পাওয়ায় হল ছেড়ে কাঁথা-কম্বল-বালিশ নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুমের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে প্রায় ২০-৩০ জন শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নেন।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘থাকার জন্য জায়গা চাই, গণরুমে ঠাঁই নাই’, ‘ছাত্র অধিকার মুক্তি পাক, অত্যাচারী নিপাত যাক’, ‘ মানি না মানবো না, দাবির লড়াই ছাড়ব না’, ‘আমার কেন সিট নাই, প্রশাসনের জবাব চাই’- ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে সব ধরনের চেষ্টা করেছি। শুরু থেকে মানববন্ধন পরে উপাচার্য থেকে শুরু করে সবাইকে আশু সমস্যা সংকটের জন্য স্মারকলিপিও প্রদান করেছি। কিন্তু আমরা আশ্বাসই শুনেছি শুধু, কোনও ধরনের দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। তাই আজ কাঁথা-বালিশ-কম্বল-বই নিয়ে এখানে অবস্থান নিয়েছি।’

এদিকে শিক্ষার্থীর অবস্থানকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে ভিসির বাসভবনের আশেপাশে পুলিশের বাড়তি অবস্থান চোখে পড়ে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, তারা এমনিতেই এসেছেন। শিক্ষার্থীদের অবস্থান ও দাবি নিয়ে কিছু বলার থাকলে তা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলবেন।

এ ব্যাপারে ঢাবির সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, ‘শিক্ষার্থীরা দাবি জানাতেই পারে- তবে এ সমস্যা তো একদিনে দূর করা যাবে না। আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা আমার কথা শোনেনি। তারা ভিসি স্যারের সঙ্গে কথা বলতে চায়। ভিসি স্যার একটা প্রোগ্রামের আছেন। আমরা ভিসি স্যারকেও বিষয়টি জানানোর চেষ্টা করেছি।’

শেয়ার করুন