২২ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : প্রায় দুমাস পর অবশেষে খুলে দেয়া হলো সিলেট নগরের প্রবেশদ্বার খ্যাত কিন ব্রিজ। এরআগে গত ১ সেপ্টেম্বর থেকে কিন ব্রিজ দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। সংস্কার কাজ করার জন্য সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ ও ট্রাফিক বিভাগ মিলে বন্ধ ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রেখেছিল।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ব্রিজ দিয়ে হালকা যান চলাচলের জন্য আবার উন্মুক্ত করে দেয়া হয়েছে। কিন্তু কিন ব্রিজ খুলে দিলেও ইঞ্জিনচালিত কোন যানবাহন এর উপর দিয়ে চলাচল করতে পারবে না।
সোমবার রাতে নগর ভবনে দক্ষিণ সুরমার বিভিন্নস্তরের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয় শেষে সিটি মেয়র তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।
সিসিক সুত্র জানায়, শুধুমাত্র রিক্সা, বাই সাইকেল এবং ভ্যান ও ঠেলাগাড়ি চলাচলের জন্য ব্রিজ খুলে দেয়া হয়েছে। ব্রিজের উপর দিয়ে ইঞ্জিনচালিত কোন যান চলাচল করতে দেয়া হবে না। এ ব্যাপারে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী খুবই সতর্ক এবং কঠোর থাকবে বলেও এই সুত্র জানায়।