২০ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র সাদ এরশাদ বলেছেন, বিরোধীদলে কোনো ভাঙনের সুর নেই। এগুলো কতিপয় লোকের মিস ইনফরমেশন। উপরে আল্লাহ জানেন, আমরা ঐক্যবদ্ধ আছি।
রোববার সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় সাদ এরশাদ আরও জানান, বাবার দেখানো পথে হাঁটতে চান তিনি। দ্বিতীয় বাড়ি হিসেবে থাকতে চান সিলেট অঞ্চলের মানুষের পাশে। সিলেটের উন্নয়নেও কাজ করতে চান তিনি।
তিনি বলেন, সিলেট আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমার পরিবারের সবাই। যেমন রংপুর আমার আরেক পরিবার। আমি চেষ্টা করবো, সিলেটবাসীর জন্য কিছু করার। এখানে দীর্ঘদিন থাকতে পারলেও ভালো লাগতো।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সাদ এরশাদ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।