১৯ অক্টোবর ২০১৯


জকিগঞ্জে সীমান্ত পথে অবাধে প্রবেশ করছে ভারতীয় সিগারেট

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ : জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে ভারতীয় বিভিন্ন জাতের সিগারেট। আর এসব সিগারেট পান করে শ্বাসকষ্টসহ ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছে যুবক-বৃদ্ধ ও উঠতি বয়সের কিশোররা।

জকিগঞ্জ হচ্ছে সিলেট জেলার একটি সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় রয়েছে প্রায় ১০টি সীমান্ত স্পট। এসব সীমান্ত পথ দিয়েই চোরাই পথে প্রবেশ করছে ইয়াবা, অফিসার্স চয়েস মদ ও বিভিন্ন জাতের সিগারেট। যেমন, প্যারিস, পিকওক ও ক্লাসিক নামক সিগারেট। এসব সিগারেটে নিকোটিনের মাত্রা অধিক থাকার ফলে তা পান করে নানা রোগে ভুগছে ধুমপায়ীরা। উপজেলায় প্রায় ৮০টি ছোটবড় হাটবাজার রয়েছে। অতি সুকৌশলে এসব বাজারের কিছু ব্যবসায়ী অবাধে বিক্রি করছে এসব সিগারেট। এছাড়া এসব সিগারেট জকিগঞ্জ থেকেও পাচার হচ্ছে বিভিন্ন জেলা-উপজেলায়। পুলিশ মাঝে মাঝে ধরপাকড় করলেও তা একেবারে বন্ধ করতে পারছে না।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবু নাসের বলেন, এটা অবৈধভাবে, চোরাই পথে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে সত্য। এসব সিগারেটের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য প্রশাসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, চোরাই পথে আসা এসব সিগারেটে নেশা জাতীয় দ্রব্য বেশি মিশ্রিত থাকে। যার ফলে মানুষ ক্যান্সার, কিডনিসহ নানা রোগে আক্রান্ত হতে পারে।

শেয়ার করুন