১৫ অক্টোবর ২০১৯

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে বাবা ও চাচা মিলেই খুন করেছেন বলে মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
তিনি বলেন, পুলিশের কাছে শিশু তুহিন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বাবা ও চাচা। আদালতে হত্যার ঘটনায় জড়িত বলে স্বীকার করেন তারা। রোববার রাত আড়াইটার দিকে বাবা আব্দুল বাছির তুহিনকে কোলে করে ঘরের বাইরে নিয়ে যান। পরে চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার তুহিনকে খুন করেন। পরে তুহিনের কান ও লিঙ্গ কেটে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ সময় ঘটনা তুহিনের বাবার সহযোগিতায় হয়েছে। এ ঘটনায় তুহিনের বাবাও জড়িত। তার সামনেই শিশু তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তুহিনের চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার।
সোমবার সন্ধ্যায় তুহিনের বাবাসহ থানায় নিয়ে পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই তুহিনকে খুন করা হয় বলে পুলিশকে জানান বাবা ও চাচা।