১৫ অক্টোবর ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের ওলিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর এক আরোহীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রুবেল মিয়া জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি অলিপুর স্টার সিরামিক্স কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, নিহত রুবেলসহ দুই ব্যক্তি একটি কোম্পানিতে কাজের সন্ধ্যানে যান। মোটরসাইকেল নিয়ে কোম্পানির অফিস থেকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় রুবেল মারা যান।