১৫ অক্টোবর ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত কুদরত আলী হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে।
মঙ্গলবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশ বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ ঘটনায় হবিগঞ্জ ডিবি পুলিশের দুই এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাইপ গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, কুদরত আলীসহ ১০/১২ জনের একদল ডাকাত ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যায় ডাকাত কুদরত।
বন্দুকযুদ্ধ চলাকালে হবিগঞ্জ ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম ও মোজাম্মেল হক এবং কনস্টেবল রনি ও জয়নুল হক আঘাতপ্রাপ্ত হন। তারা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি আরও জানান, নিহত কুদরতের বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।