১৩ অক্টোবর ২০১৯

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর : সিলেটের ওসমানীনগর থানার আলোচিত অফিসার ইনচার্জ (ওসি) এসএম আল মামুনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (মিডিয়া) বলেন, প্রশাসনিক কারণে তাকে বদলী করা হয়েছে।
প্রসঙ্গত, এস এম আল মামুন ওসমানীনগর থানায় যোগ দেন ২০১৮ সালের ১০অক্টোবর। থানায় যোগদানের এক বছর পুর্তিতে গত বৃহস্পতিবার থানায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিতর্কের জন্ম সৃষ্টি করে। ওইদিন অনুষ্ঠানে শেরওয়ানি পরে বর বেশে থানায় কেক কাটেন। এছাড়া দীর্ঘ রাত পর্যন্ত থানায় গান-বাজনা ও নৈশভোজের আয়োজন চলে। বিষয়টি সমকালসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে সিলেটসহ সারাদেশে তোলপাড় শুরু হয়।