৫ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : ঢাকের বাদ্য, শঙ্খ-উলুধ্বনি আর ভক্তকুলের আবাহনের মন্ত্রোচ্চারণে দেবী দুর্গার স্বর্গ থেকে মর্ত্যে আগমন ঘটেছে। মন্দিরের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে এখন উৎসবের আমেজ। ঢাকের বোল কাঁসার ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠছে সিলেটের পূজামণ্ডপগুলো। জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে।
মঙ্গলবার বিজয়া দশমীতে দেবী দুর্গা বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। সকাল থেকেই নগরীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে প্রতিটি মণ্ডপেই ভিড় করছেন তরুণ-তরুণীরা। মণ্ডপে মণ্ডপে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।