৩০ সেপ্টেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : সিলেটে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সোহান আহম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সোহান সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকার গৌছ মিয়ার ছেলে ও নগরের মদন মোহন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সোমবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট শহরে আসার সময় ট্রাকের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী সোহান। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সোহানের পরিবার জানায়, নগরের মদীনা মার্কেটে প্রাইভেট পড়ে ওই অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সোহান। এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সোহানের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন বলেন, খবর পেয়ে মহানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।