২৮ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীদের মৃত্যু দিন দিন দীর্ঘ হচ্ছে। এসব দুর্ঘটনাতেই অনেকের মৃত্যু হয়েছে আবার অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কেউ কেউ দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। হেলমেট না থাকায় ছোটখাটো দুর্ঘটনাতেই অনেকের মৃত্যু হয়েছে। আর সড়ক পথে এমন দুর্ঘটনা কমাতে ব্যতিক্রমী উদ্যাগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ।
এ উদ্যোগের নাম ‘নো হেলমেট, নো পেট্রোল’। এবার হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল আরোহী পেট্রোল কিনতে পারবেন না। ইতোমধ্যে নতুন এ উদ্যোগ নিয়ে ট্রাফিক বিভাগের সাথে পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে বৈঠক করে তারাও একমত পোষণ করেছেন।
মোটরসাইকেল চলাচলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেলমেট ব্যবহার ও দুইজনের বেশি আরোহী বহন না করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেশ কড়াকড়ি আরোপ করেও কোন কাজের কাজ হয়নি। এজন্য এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
‘নো হেলমেট, নো পেট্রোল’ উদ্যোগটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে বলে জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, দিন দিন মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তার একমাত্র কারণ হলো বেপরোয়াভাবে চালানো ও হেলমেট ব্যবহার না করা। তাই বেপরোয়া মোটরসাইকেল ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই অভিযান চলছে। বর্তমানে কেউ যাতে কোনো অবস্থায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য ‘নো হেলমেট, নো পেট্রোল’ ঘোষণা দেয়া হয়েছে।