১২ সেপ্টেম্বর ২০১৯


পিযুষের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে-কে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় তার আরো তিন সহযোগীকেও আটক করা হয়। তারা হলেন- নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা বাপ্পা পাল, মন্টি দে এবং অন্যজনের নাম জানা যায়নি।

বুধবার রাতে নগরের মির্জাজাঙ্গালে আস্তানা ঘেরাও করে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯’র মিডিয়া উইং সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারধরসহ অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে পিযুষের বিরুদ্ধে। গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচভাই রেস্টুরেন্টে তিন প্রবাসীকে মেরে রক্তাক্ত করে তার অনুসারীরা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। তাতে আবারো সমালোচনার মুখে পড়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন পিযুষ।

এছাড়া তিনি মির্জাজাঙ্গাল এলাকায় একটি বাড়ি দখল করে আস্তানা গড়ে তোলেন। গোপন সংবাদে র‌্যাব সদস্যরা বুধবার রাতে আস্তানায় অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করে।

প্রসঙ্গত, এর আগে ১১ মামলার হুলিয়া মাথায় নিয়ে রাজপথে প্রকাশ্যে বন্দুক উচিয়ে গাড়ি ভাঙচুর ও ব্যাংকে হামলা করে আতঙ্ক ছড়ান পিযুষ।

শেয়ার করুন