৫ সেপ্টেম্বর ২০১৯
জেলা প্রতিনিধি

মৌলভীবাজার : সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে প্রয়াতের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রয়াত সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এ সময় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ এম নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ফয়জুল করিম ময়ূন প্রমুখ।
এর আগেও সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে সাইফুর রহমানের কবর জিয়ারত করতে সিলেট থেকে মৌলভীবাজার ছুটে যান আরিফুল হক চৌধুরী।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান।
সিলেটের উন্নয়নের কর্মকান্ডের জন্য মৃত্যুর দশ বছর পরও আলোচিত নাম সাইফুর রহমান। অনেকেই তাকে সিলেট বিভাগের উন্নয়নের রূপকার হিসেবে অভিহিত করে থাকেন।
এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। তিনি ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন। অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ড রয়েছে তাঁর।