৫ সেপ্টেম্বর ২০১৯


জগন্নাথপুরে দুই বিএনপি নেতা ‘নিখোঁজ’

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর

সুনামগঞ্জ : জগন্নাথপুরে দুই বিএনপি নেতা গত দুইদিন ধরে ‘নিখোঁজ’ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের একজন হলেন জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আনসার মিয়া ও অন্যজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ।

বুধবার এ বিষয়ে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তাদের স্বজনরা। এ ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলা যুবদল নেতা আনসার মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ গত মঙ্গলবার এক সঙ্গে মোটর সাইকেলযোগে হবিগঞ্জের নবীগঞ্জের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরও তাদের কোনো সন্ধান না পেয়ে নিখোঁজ আনসার মিয়ার ভাগ্নে মুহিত মিয়া জগন্নাথপুর থানায় জিডি করেছেন।

নিখোঁজ যুবদল নেতা আনসার মিয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বাসিন্দা। আর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনসার মিয়া একই ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামের বাসিন্দা।

আনসার মিয়ার ভাগ্নে মুহিত মিয়া বলেন, ‘নিখোঁজের ঘটনায় আমরা উদ্বিগ্ন হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। আশা করছি পুলিশ তাদের খুঁজে বের করতে পারবে।’

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন, ‘ঘটনাটি উদ্বেগজনক। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই তাদের উদ্ধারে ভূমিকা রাখার।’

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘জিডির আলোকে নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।’

শেয়ার করুন