২৯ জুলাই ২০১৯


বন্যায় শাল্লায় ৩৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, শাল্লা

সুনামগঞ্জ : জুলাই মাসের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির-মসজিদ ইত্যাদি প্লাবিত হয়। এতে ৩৪ কোটি ৩৪ লক্ষ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। শাল্লা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সৃষ্ট বন্যায় ক্ষতিক্ষতির পরিমাণ উল্লেখ করে ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরাবর পত্র পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, জুলাইয়ের বন্যায় উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৩৪ কোটি ৩৪ লক্ষ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং বন্যাকালে স্থানচ্যুত হতে হয়েছে ৬৫৩ জনকে।

বন্যায় ঘরবাড়ির ক্ষতি : বন্যায় ৪টি পাকা বাড়ি, ৪২ টি আধাপাকা, ৩৬৪৮ টি কাচা বাড়ি সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাতে ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ২৫ কোটি ৯৮ লক্ষ ৪০ হাজার টাকা।

শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি : উপজেলার ১০৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আংশিক ক্ষতি হয়েছে ২৮ টি বিদ্যালয়। এছাড়া ৮ টি উচ্চ বিদ্যালয়, ১ টি কলেজ ও ২ টি মাদ্রাসার আংশিক ক্ষতি হয়। যার ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ৮০ লক্ষ ৫০ হাজার টাকা।
রাস্তাঘাটের ক্ষতি : বন্যায় ৪৫ কিলোমিটার পাকা ও কাঁচা সড়ক ৬৯ কিলোমিটার, ৬টি ব্রীজ ও ২টি কালভার্টের সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার নির্মাণ ও মেরামত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৭ লক্ষ টাকা।

মন্দির-মসজিদের ক্ষতি : উপজেলার ৪ টি ইউনিয়নের ৩০ টি মন্দিরের মধ্যে ২০ টি সম্পূর্ণ ও ১০ টি আংশিক ক্ষতি দেখানো হয়েছে। যার নির্মাণ ও মেরামত ব্যয় ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা। অপরদিকে ৪৫টি মসজিদের মধ্যে ১৬টি সম্পূর্ণ ও ২৯টি আংশিক ক্ষতি হয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে। যা নির্মাণ ও মেরামত করতে ৬৩ লক্ষ ৯০ হাজার টাকার প্রয়োজন দেখানো হয়েছে।

স্যানিটেশনের ক্ষতি : ১টি সম্পূর্ণ ও ৮০টি আংশিক নলকূপের ক্ষতি হয়েছে বলে রির্পোটে দেখা গেছে। যার মেরামত ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৫ হাজার টাকা। ৬শ’ টি সম্পূর্ণ ও ২শ’ টি টয়লেট আংশিকভাবে ক্ষতি হয়েছে। যার নির্মাণ ও মেরামত ব্যয় ১০ লক্ষ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা কেন্দ্রের ক্ষতি : বন্যায় উপজেলার বাহাড়া ইউনিয়নের সুখলাইন কমিউনিটি ক্লিনিকের আংশিক ক্ষতি দেখানো হয়েছে, যার মেরামত ব্যয় ধরা হয়েছে ১০ হাজার টাকা।

হাঁস-মুরগী ও গবাদি পশুর ক্ষতি : বন্যায় ২টি ছাগল, ১২শ’ হাঁস, ৩শ’ মুরগী মারা গেছে। যার মূল্য ৬ লক্ষ ১৫ হাজার ৫শ টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান, পরিদর্শন করে বন্যায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করে জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

শেয়ার করুন