১ জুলাই ২০১৯


ওসমানীনগরে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার

শেয়ার করুন


ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা ও মাদরাসা ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে পৃথকভাবে ২ জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

ধর্ষণের চেষ্টায় আটকৃত সিরাজুল ইসলাম কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার গাবতল গ্রামের মেহের উদ্দিনের ছেলে। রোববার রাত ১০টার দিকে সাদিপুর থেকে আটক করা হয়।

জানা যায়, সিরাজুল ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে পল্লী বিদ্যুতের নির্মানাধীন একটি সাবস্টেশনে শ্রমিকের কাজে নিয়োজিত। গত ২৭ জুন রাতে ওই এলাকার আছকির মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাসরত একটি পরিবারের কিশোরীকে তার বাবা-মায়ের অনুপস্থিতিতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সিরাজুল।

ঘটনাটি জানাজানি হলে তা স্থানীয় পর্যায়ে মিমাংশার চেষ্টা করে একটি পক্ষ। ২৯ জুন রাতে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে তার পরিবার। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করে।

এঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাদরাসার ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সুমন আহমদকে (১৯) আটক করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ কলারাই গ্রামের খালিছ মিয়ার পুত্র।

গত রোববার দিবাগত রাতে ৩টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আল-মামুন বলেন, ভিক্টিমের সাথে কথা বলে জানা গেছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গতকাল সোমবার ধৃত সিরাজুলকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া ইভটিজিংয়ের দায়ে আটক সুমকেও মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন