১৬ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, হেলদি সিটি, স্মার্ট সিটি ও পর্যটন সিটি হিসেবে সিলেট নগরকে সাজাতে যা যা করার দরকার তার সবকিছুই করবে সিটি করপোরেশন। প্রয়োজনে জীবন বাজি রেখে নগরবাসীকে দেওয়া ওয়াদা পূর্ণ করবেন তিনি।
রোববার নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় রাস্তায় অবৈধ পার্কিং ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এ কাজে নগরের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার প্রয়োজন।
এর আগে রোববার বেলা ১২টায় নগর ভবন থেকে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে অভিযানে নামেন মেয়র আরিফুল হক চৌধুরী।
নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে এসব এলাকার রাস্তার দুই পাশ ও ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করে ব্যবসা করার অভিযোগে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিপুল পরিমাণ মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।
অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ইলিয়াছুর রহমান, আব্দুল মুহিত জাবেদ, এসএম সওকত আমীন তৌহিদ, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।