১৪ জুন ২০১৯


সুনামগঞ্জে আনারসের বাম্পার ফলন

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জে এবার আনারসের ফলন ভালো হয়েছে। দামও অন্য বছরের চেয়ে ভাল। জেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে রসালো ও মিষ্টি এসব আনারস। কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে কাঙ্খিত দাম পাচ্ছেন না আনারস চাষীরা।

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী হাসাউড়া এলাকার এই সুস্বাদু আনারসের সুনাম রয়েছে জেলাব্যাপী। এসব আনারস খুবই সুস্বাদু। হাসাউড়ার আনারস সুনামগঞ্জের বাজার ছাড়িয়ে সিলেটেসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই আনারস বিক্রি হচ্ছে। হাসাউড়ার আনারসের জন্য সুনামগঞ্জের মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন। পাকার শুরু থেকেই বাজারে বিক্রি শুরু হয় এই আনারস। জেলা শহরের ডি এস রোডে প্রতি বছর এসময় হাসাউড়ার আনারসের অস্থায়ী হাট বসে। কিন্তু জেলা শহরের সাথে হাসাউড়ার ভাল যোগাযোগ ব্যবস্থা না থাকায় আনারসের ভাল দাম পাচ্ছেন না চাষীরা।

হাসাউড়ায় রয়েছেন ৯০ জন চাষী। প্রায় ১শ’ বিশটি আনারসের বাগান রয়েছে। প্রতিটি বাগানে আছে প্রায় দুই একর জমি। প্রতিটি বাগানে প্রায় ২ হাজার আনারস উৎপাদন হয় বলে জানান বাগানের চাষীরা।

এ হিসাবে প্রতি বছর প্রায় ১২ লাখ আনারস উৎপাদন হচ্ছে। প্রতিটি আনারস ৪০ টাকা খুচরা মূল্য হিসাবে ৪ কোটি ৮০ লাখ টাকার আনারস বিক্রি হয় হাসাউরার বাগান থেকে। বর্তমানে পাইকারী বাজারে একশ আনারসের দাম (বড় আকৃতির) ৪ হাজার টাকা, খুচরা মূল্যে বিক্রি হয় ৫ হাজার টাকা। মাঝারি প্রতি শ’ আনারস ৩ হাজার টাকা, খুচরা বিক্রি হয় সাড়ে চার হাজার টাকা, ছোট আকৃতির প্রতি শ’ আনারস দেড় থেকে ২ হাজার টাকা, খুচরা বিক্রি হয় ২ থেকে থেকে আড়াই হাজার টাকা।

আনারস বিক্রেতা আকাশ জানান, আনারসের ফলন ভাল হয়েছে, এবং পাইকারী খুচরা বিক্রি কিনি ও ভাল তবে যদি সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা আরো ভাল হত তাহলে এই সব আনারস সুনামগঞ্জ জেলা শহরে এনে এরা দামে বিক্রি করা যেত।

আনারস কিনতে আসা ক্রেতা মোছা নাজমা বেড়ম জানান, ভাল জিনিসের ভাল দাম থাকবে এটাই স্বাভাবিক, আর হাসাউড়া আনারসের মত মিষ্টি আনারস আর কোথাও নেই, তাই দাম হলে এই আনারস খেতে মজাই আলাদা।

সুনামগঞ্জ জেলা শহরের খুচরা আনারস বিক্রিতা মো.শফীউল আলম জানান, যে আনারস আকারে বড় এই সব আনারস প্রতি হালি(চারটি) ২শ’৫০টাকা, মধ্যম আকারের ২শ’টাকা, ও ছোট আকারের আনারস সর্বনিম্ন ১শত টাকা হালি বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বশির আহমদ বলেন, ‘সুনামগঞ্জের হাসাউড়ায় আনারসের ফলন এবার অনেক ভালো হয়েছে। উৎপাদনও বেড়েছে। এই আনারস খেতে খুব মিষ্টি। তাই ভালো দাম পাচ্ছেন কৃষকরা। আগামী মৌসুমে ওই অঞ্চলে আরও বেশি আনারস কীভাবে চাষাবাদ করা যায় কৃষি বিভাগ সেই চেষ্টা করবে।

শেয়ার করুন