৪ জুন ২০১৯
উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এক গৃহবধু নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন যাত্রী। নিহত গৃহবধু সুনামগঞ্জ সদর থানার বেড়িগাঁও গ্রামের ফারুক মিয়ার স্ত্রী খুর্শেদা বেগম (২০)।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেন।
জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্রো ব-১৫-০১৫৮) ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা গৃহবধু খুর্শেদা নিহত হন। আহত হন গাড়িতে থাকা কমপক্ষে ৩০জন যাত্রী।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপাতালসহ ভিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- হযরত আলী (৩০), ফারুক মিয়া (৩০), কামরুন নাহার (২৩), আব্দুল (৮)।
শেরপুর হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।