২৬ আগস্ট ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত ডাকাত বজলুকে(৪৫) গ্রেফতার করা হয়েছে। সে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের আথানগিরী বিন্নী গ্রামের দিলদার খাঁনের ছেলে।
শনিবার ভোরে নবীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ, বিশেষ শাখার ইন্সপেক্টর পরিমল দেব, এসআই তাপস, আব্দুল মালিক ও এএসআই জাহিদের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ থানার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে বজলুকে গ্রেফতার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, গ্রেফতার হওয়া বজলু মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে। যার মধ্যে ১১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা। সে এলাকার ত্রাস। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। বজলুকে আদালতে হাজির করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(আজকের সিলেট/২৬ আগষ্ট/ডি/এমকে/ঘ.)