১৩ মে ২০১৯


ভূমধ্যসাগরে নৌকা ডুবি, চুক্তিকারী ইয়াহিয়া ওভারসীজের মালিক পলাতক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : ইটালি যাওয়ার জন্য জন্য সিলেটের রাজা ম্যানশনের ইয়াহিয়া ওভারসীজ নামের একটি এজেন্সির সাথে ৮ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ফেঞ্চুগঞ্জের বেশ কয়েকজন যুবক। কিন্তু সেই স্বপ্নের ইউরোপে যাওয়া হয়নি তাদের। সাগরে ট্রলার ডুবে মৃত্যু হয়েছে তাদের। ঘটনার পর আর খোলেনি জিন্দাবাজার রাজা ম্যানশনের তৃতীয় তলার ১১৭ নম্বর দোকান ইয়াহিয়া ওভারসীজ। এজেন্সিটির মালিক এনাম আহমদের বাড়িও ফেঞ্চুগেঞ্জে।

সরেজমিন রাজাম্যানশনে গিয়ে দেখা যায়, এজেন্সিটি তালাবদ্ধ আর তাদের ব্যবহৃত সবকটি মোবাইল নম্বরই বন্ধ।

নিহতের স্বজনরা জানিয়েছেন- ঘটনার পর আর কোন খোঁজ পাওয়া যায়নি এনাম আহমদের। তাদের দাবী তিনি পলাতক।

রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ আহমদ বলেন- প্রায় দুই-আড়াই বছর ধরে রাজা ম্যানশনে ইয়াহিয়া ওভারসীজ নামে ব্যবসা করছেন এনাম আহমদ। এরআগে অন্য একটি মার্কেটে তার অফিস ছিল। ইটালি যাওয়ার পথে সিলেটের যুবকদের মৃত্যুর বিষয়টি শুনে তিনি শোকাহত। মার্কেটে গিয়ে বিস্তারিত খোঁজ নেবেন বলে জানান তিনি।

লিবিয়া থেকে সাগর পথে ইটালি যাওয়ার পথে ট্রলার ডুবিতে মৃত এখন পর্যন্ত সিলেটের ৬ জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। এদের মধ্যে চারজনই ফেঞ্চুগঞ্জ উপজেলার। তারা হচ্ছেন- উপজেলার সেনেরবাজার কটালপুর এলাকার মুহিদপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ হোসেন (২৪), একই গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৫), সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া (২৪) ও মানিকোনা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে আফজাল মোহাম্মদ (২৫)।

শেয়ার করুন