১১ মে ২০১৯


ছাত্রলীগ নেতা সারোয়ারের বিরুদ্ধে উইমেন্স মেডিকেলের জিডি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোতোয়ালী থানায় এ জিডি দায়ের করেছে।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের রেজিস্ট্রার ইশফাক জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থানায় জিডি করেছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ঘটনার তদন্ত করে সত্যতা পেলে জিডি মামলা হিসেবে গৃহিত হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ১০/১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী মিলে পেটের পীড়ায় ভোগা এক কর্মীকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রোগীর সাথে একজন থেকে বাকিদের বাইরে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে বাদানুবাদে চিকিৎসদের ওপর চড়াও হন ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন ছোরা বের করে ইন্টার্ন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরিকাঘাত ও ধর্ষণের হুমকি দেন। নিশাত নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে পোস্ট দেন। এরপর শুরু হয় তোলপাড়।

ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করা ও ধর্ষণের হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কর্মবিরতির ডাক দেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। এদিকে, আজ শনিবার ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

শেয়ার করুন