১৬ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : রাস্তা কিংবা বাসা-বাড়ী। সব জায়গাই এখন দাপট বানরের। প্রতিদিনই কাউকে না কাউকে কামড়ে দিচ্ছে বানর। ফলে বানরের উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী।
জানা যায়, নগরের শাহী ঈদগাহ, কাজীটুলা, গোয়াইটুলা, কলবাখানী, হাউজিং এস্টেট, রাজারগলিসহ অন্যান্য এলাকার বাসিন্দাগণ অনেকদিন যাবৎ বানরের অত্যাচারে অতিষ্ঠ।ভীতসন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে তাদের।
গত বছরের আগস্টে আন্দোলন, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন এসব এলাকার বাসিন্দারা।
হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা সিয়াম বলেন, ‘আমাদের বাসার ভেতর এসে বানর খাবার-দাবার নিয়ে যায়। অনেকসময় শিশুদের দিকেও তেড়ে আসে। কখনো কখনো আক্রমণও করে। এর প্রতিকার প্রয়োজন।’
সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী বলেন, ‘বানর আমাদের দেশের সম্পদ। তবে জননিরাপত্তা নিশ্চিত ও সম্পদ রক্ষার লক্ষ্যে বানরকুলকে লোকালয় থেকে অতি দ্রুত যত্ন সহকারে অন্যত্র নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে।’
প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘স্কুলের কোমলমতি শিশুরাও রাজপথে নেমে আন্দোলন করেছিল, কোনো কাজে আসেনি।’
সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হক বলেন, ‘বানর নিধন বা এদের প্রতি বিরূপ আচরণ কারো কাম্য নয়। এদের বাসস্থান নষ্ট করে দেওয়া, যথাযথ খাবার না পাওয়ার জন্যই আক্রমণাত্মক হয়ে উঠছে।’ তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।