৬ মে ২০১৯


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্টের অভিযান শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সিলেটে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে ভার্থখলা ও কদমতলী এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় প্রতিষ্ঠান, মুরগী ও মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত হারে মুরগী ও মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় নগরীর ভার্থখলার আরিফ পোল্ট্রিকে দুই হাজার টাকা, আল্লাহ দান পোল্ট্রিকে দুই হাজার টাকা, কবির পোল্ট্রিকে দুই হাজার টাকা, তিন ভাই গরুর মাংসের দোকানকে তিন হাজার টাকা ও জালাল উদ্দিনের মাংসের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ভার্থখলা ও কদমতলী এলাকার দোকানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে। মূল্য তালিকা দেখে পণ্য ক্রয়ের বিষয়ে তিনি ক্রেতাদের পরামর্শ দেন।

তিনি আরো জানান, নগরীর অন্যান্য এলাকায় জেলা প্রশাসনের কয়েকটি টিম মোবাইল কোর্ট পরিচালনা করছে। এসময় পুলিশ বাহিনী সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন