২ মে ২০১৯


শ্রীমঙ্গলে ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যা

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে সিরাজ মিয়া (৪৫) নামে এক ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার ভাই সিএনজি অটোরিকশা চালক রহমান মিয়াও। নিহত সিরাজ ও আহত রহমান উপজেলার ভূনবীর ইউনিয়নে পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আহাদ মিয়া একই গ্রামের চেরাগ আলীর ছেলে।

বুধবার রাতে লছনা এলাকার আমরাইল চা বাগান সড়কের পাশে এ ঘটনা ঘটে।

আহাদ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আহাদ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বুধবার শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, ‘ভূনবীর ইউনিয়নে পশ্চিম লইয়ারকুল এলাকার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে বুধবার রাত ৯টার দিকে খারাপ মন্তব্য করে আহাদ মিয়া। এ সময় মেয়েটির বাবা ও চাচা সিরাজ মিয়া প্রতিবাদ করলে, আহাদ ক্ষিপ্ত হয়ে তাদের ছুরিকাঘাত করে। মুখে ও বুকে আঘাত করে পালিয়ে যায় আহাদ। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিরাজের মৃত্যু হয়। আহত রহমানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।’

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন