১০ এপ্রিল ২০১৯


লোকপ্রশাসনকে শিক্ষা ক্যাডার ও কলেজে অন্তর্ভূক্তির দাবিতে শাবিতে মানববন্ধন

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে `বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র’র নির্দেশনায় লোকপ্রশাসন বিভাগকে কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অন্তর্ভুক্তির জন্য মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এম এইচ সাব্বিরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি, সহকারী অধ্যাপক জোবাইদা সিনথিয়া, প্রভাষক মোস্তফা কামাল এবং আহব্বায়ক রিফাত সিকদার এবং উক্ত বিভাগের সর্বস্তরের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, লোকপ্রশাসন বিভাগকে কলেজ পর্যায়ে অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীরা এ বিষয় সম্পর্কে আরো বেশি জানতে পারবে। আমাদের দেশের গণমানুষের কাছে এখনো এ বিষয় অপরিচিত যদি এ বিষয় কলেজে অন্তর্ভুক্ত হয় তাহলে প্রশাসন সম্পর্কে জানতে মানুষ আরো বেশি আগ্রহী হবে। এ দাবি এখন গণ মানুষের দাবিতে পরিণত হয়েছে।

বক্তারা আরো বলেন, যারা বিসিএস ক্যাডার হয়ে আসেন তাদেরও এ বিষয় সম্পর্কে জানতে হবে। যদি আগে থেকে জানা থাকে তাহলে সরকারের প্রশাসন ব্যবস্থা আরো বেশি কার্যকরী হবে। এবং শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।

মানববন্ধনে কেন্দ্র থেকে ঘোষিত ৪ দফা দাবি দেয়া হয়। দাবিগুলো হল:

১. সরকারি কলেজে লোকপ্রশাসন বিভাগ চালু করা।
২. ৪১তম বিসিএস থেকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া।
৩. দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য লোকপ্রশাসনের জ্ঞান কলেজে ছড়িয়ে দেয়া।
৪. লোকপ্রশাসনের শিক্ষার্থীদের জন্য বিশেষ চাকুরীর ব্যবস্থা করা।

এছাড়াও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগকে কলেজে অন্তর্ভুক্তি ও শিক্ষা ক্যাডার অন্তর্ভুক্তির জন্য একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশনা অনুযায়ী সকল শান্তিপূর্ণ আন্দোলনে সকলের সর্বাত্মক অংশগ্রহণ করার আহব্বান জানানো হয়।

শেয়ার করুন