১৮ এপ্রিল ২০১৯


সংস্কার হচ্ছেনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়াম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : বৃষ্টি হলে ভেতরে পড়ে পানি। দেয়ালের রং বিবর্ণ হয়ে গেছে। গরমের সময় ভেতরে বসা কঠিন হয়ে পড়ে। কারণ অধিকাংশ ফ্যান অচল। টয়লেটের অবস্থাও নাজুক। নেই আধুনিক লাইটিং ব্যবস্থা। এ রকম নানা সমস্যায় জর্জরিত সিলেট সরকারি মহিলা কলেজে অডিটোরিয়াম। সাড়ে চারশ’ আসনের অডিটোরিয়ামটি দীর্ঘদিন ধরে সংস্কারের পদক্ষেপ নেই। ফলে বাধাগ্রস্ত হচ্ছে মেয়েদের সকল ধরণের সাংস্কৃতিক কর্মকান্ড।

সিলেটের একটি সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান মহিলা কলেজ। এ অঞ্চলে নারী জাগরণে সুদীর্ঘকাল থেকে একমাত্র সরকারি এই কলেজটি রেখে চলেছে অনন্য ভূমিকা। শিক্ষার পাশাপাশি নাট্যচর্চা, শিল্প সাহিত্য চর্চাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে কলেজের রয়েছে গৌরবময় সোনালী অধ্যায়। আর সেই সাংস্কৃতি চর্চা সবসময় বেগবান হয়েছে অডিটোরিয়ামকে ঘিরে।

কিন্তু, বর্তমানে অডিটোরিয়ামের ভেতরের চিত্র খুবই করুণ। লাইটিং নেই বললেই চলে। নেই আধুনিক সাউন্ড সিস্টেম। অডিটোরিয়ামে যতটুকু সুপ্রশস্ত মঞ্চ থাকার কথা তার সিকি ভাগও নেই। সরেজমিনে অডিটোরিয়ামটির জীর্ণ দশা প্রত্যক্ষ করা গেছে।

ফাতেমা, জ্যোতি, মুন্নিসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, ‘আমাদের লজ্জা হয় অডিটোরিয়াম নিয়ে। দেখে মনে হয় এটি কোনো গুদাম ঘর।’ উপরে থাকা টিনের স্থানে স্থানে ছিদ্র হয়ে গেছে। ফলে বৃষ্টি হলে পানি পড়ে হল ভিজে যায়। পানি পড়ে ভেতরের সবগুলো দেয়াল বিবর্ণ হয়ে গেছে। ভেঙ্গে পড়েছে অনেক স্থানের ডেকোরেশন। দেয়ালের কোথাও জমে আছে শেওলা। মূল মঞ্চের পেছনের অবস্থা আরো জরাজীর্ণ। খসে গেছে রং। পুরো অডিটোরিয়ামে ৪০টির মতো ফ্যান থাকলেও অধিকাংশই অচল। এ অবস্থায় গরমের দিনে ভেতরে বসে থাকা কঠিন হয়ে পড়ে। অডিটোরিয়ামের এই দূরবস্থা চলছে বেশ কয়েক বছর ধরে। এই অবস্থায় কলেজের মেয়েরা কোনো রকম শিক্ষা, সংস্কৃতি চর্চা চালিয়ে যাচ্ছে। নানা প্রতিকুলতার মধ্যেও অতীতের মতো এখনো তারা জাতীয় এবং আন্তজার্তিক পরিমন্ডলে রাখছে ইতিবাচক সাফল্য।

কলেজের শিক্ষার্থী নিলাদ্রী, তাসলিমাসহ বেশ কয়েকজন জানান, ‘বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব সরকার। সারা দেশের মতো সিলেটেও সংস্কৃতিক ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে। সর্বত্র লাগছে উন্নয়নের ছোঁয়া। কিন্তু আমাদের অডিটোরিয়াম ব্যতিক্রম। আমরা পেছনে পড়ে আছি। কোনো অতিথি আমাদের অডিটোরিয়াম এলে থমকে যান।’

অডিটোরিয়ামের ভেতরের চারপাশের মতো সমস্যায় জর্জরিত সবগুলো টয়লেট। বর্তমানে টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। টয়লেটের দূর্গন্ধে পাশে দাঁড়ানো কঠিন।

শিক্ষার্থী আসমাহুল হুছনা জানান, অডিটোরিয়ামে কোনো অনুষ্ঠান হলে আমরা টেনশনে পড়ে যাই। তার চেয়ে বেশী উৎকন্ঠা অনুভব করি টয়লেট নিয়ে।’

কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের অডিটোরিয়াম সাধারণ কোনো অডিটোরিয়ামের চেয়েও করুণ। ভেতরে চারপাশের চিত্র আমাদের মর্মাহত করে। এটি জরুরী ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।

যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি সমস্যার কথা স্বীকার করে বলেন, কলেজের ইতিহাস ঐতিহ্যের সাথে অডিটোরিয়ামের নামটি জড়িয়ে আছে। দুই বাংলার অনেক খ্যাতিমান মানুষ এই অডিটোরিয়ামে এসেছেন। কিন্তু, দীর্ঘদিন ধরে অডিটোরিয়ামটি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হওয়ার পর আর কোনো সংস্কার করা হয়নি। ফলে এটির অবস্থা বেহাল হয়ে পড়েছে।

তিনি বলেন, কলেজটি সিলেটের ঐতিহ্য। সেই হিসেবে আধুনিক সুবিধাসমৃদ্ধ একটি অডিটোরিয়াম নির্মাণ হওয়া প্রয়োজন।

শেয়ার করুন