২২ আগস্ট ২০১৭


ফেঞ্চুগঞ্জে একই রাতে দু’ বাড়িতে ডাকাতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:: ফেঞ্চুগঞ্জে চার দিনের ব্যবধানে একই রাতে দুটি বাড়িতে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে মাইজগাঁও ইউনিয়নে কায়স্থগ্রামে ডাকাতির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে প্রয়াত বিচারপতি জে এন দেব চৌধুরীর ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামস্থ রাজাপুর গ্রামের বাড়িতে ১৫-১৬ জনের অস্ত্রধারী ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়িতে অবস্থানকারী বিচারপতি জে এন দেব চৌধুরীর ব্যবস্থাপক শুধাংশ দত্ত ও তার পরিবারের সদস্যদের অস্ত্রেরমুখে জিস্মি করে বাড়িতে রক্ষিত ১০ ভরি স্বর্ণালংকার নগদ ৮০ হাজার টাকা ও ৪ টি মুঠোফোন নিয়ে যায়। এর কিছুক্ষণ আগে একই গ্রামের গুফিরা গাঁও গ্রামের টিপু মিয়ার বাড়ির ভাড়াটে নুরুল ইসলাম রানার বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতরা নুরুল ইসলাম রানার স্ত্রী’র ব্যবহৃত ১ ভরি ওজনের স্বর্ণা লংকার ও নগদ ১৫শ টাকা নিয়ে যায়।

একই রাতে মাইজগাঁও ইউনিয়নের দক্ষিণ ফুলবাড়ি গ্রামের ফজলু মিয়ার বাড়িতে ডাকাতরা ঘরের দরজা ভাঙার চেষ্টাকালে ফজলু মিয়ার বাড়ির লোকজনের চিৎকার ও মুঠোফোনে আশে পাশের লোকজনকে অবহিত করলে গ্রামবাসী ছুটে আসায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়। দক্ষিণ ফুলবাড়ি গ্রামের লুৎফুর রহমান বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনার এক সপ্তাহের ভিতরে একই রাতে মাইজগাঁও ইউনিয়নের তিনটি বাড়িতে ডাকাতরা হানা দেওয়ায় উপজেলার বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এখন কেউ লিখিত অভিযোগ করেনি । অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

শেয়ার করুন