৩১ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ

মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বজ্রপাতে ছয় ও চার বছর বয়সী দুই বোন নিহত হয়েছে। নিহত দুজন হলো- স্থানীয় পতনঊষার গ্রামের জুনেদ আহমেদ এর দুই মেয়ে সাদিয়া (৬) ও মুন্নী (৪)।
রোববার সকাল সাড়ে ৯টায় পতনউষার মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, সকালে সাদিয়া ও মুন্নী দুই বোন তাদের বাড়ির উঠোনে খেলছিল। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বড় বোন সাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর বোন মুন্নিকে মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আকস্মিক এ বজ্রপাতে দুই শিশু মারা গেলেও একই বাড়ীর আখলুছ মিয়ার মেয়ে নাহিদা বেগম (৬) ও তানিয়া বেগম (৪) আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পতনঊষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করেন।
বজ্রপাতের ঘটনায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলে জানা গেছে।