২৫ মার্চ ২০১৯
জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি উদ্যানের নামফলক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে রোববার দিনগত রাতে কোন এক সময়ে দুর্বৃত্তরা নামফলক ভাংচুর করে।
সোমবার সকালে স্থানীয় মানুষজন বিষয়টি প্রশাসন কে জানায়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, স্বাধীনতার দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে সুনামগঞ্জের সীমান্তবর্তী ডলুরা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি উদ্যানের নামফলকে টাইলস লাগানোর কাজ রোববার বিকেলে শেষ হয়। কাজ শেষ করে সন্ধ্যায় নির্মাণ শ্রমিকরা চলে যায়। এরপর রাতে কোন এক সময়ে দুর্বৃত্তরা স্মৃতি উদ্যানের সম্মুখভাগে স্থাপিত নামফলকের টাইলস লাগানো নিচের অংশ ভাংচুর করে। দুর্বৃত্তরা নতুন লাগানো টাইলসগুলো তুলে ফেলে।
জেলা প্রশাসক আরো জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করা হবে।
এদিকে নামফলকে ভাংচুর হলেও সোমবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা বিদস উপলক্ষ্যে ডলুরা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নামফলক ভাংচুরের ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা রানা চৌধুরী বলেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তিযুদ্ধের শহিদদের অবমাননার সাহস ওরা পায় কি ভাবে? সরকার, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এটা আমাদের দাবি।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, নামফলক ভাংচুরের বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।