২৪ মার্চ ২০১৯


মশার উপদ্রবে অতিষ্ট কুলাউড়াবাসী

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া

মৌলভীবাজার : মশার কামড়ে এখন অতিষ্ট কুলাউড়া পৌরবাসী। দিন-রাতে সমানতালে মশা খাচ্ছে পৌর বাসিন্দাদের রক্ত। সেই সাথে মশার কামড়ে বাড়ছে রোগের ঝুঁকিও। অথচ মশা নিধনে পৌর কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। এই মশা নিয়ে বিরাজ করছে পৌরবাসীর মনে নানা আতঙ্ক।

চিকিৎসকরা জানান, মশা প্রাণীটি ক্ষুদ্র হলেও মারাত্মক। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, গোদসহ মারাত্মক রোগ হবার সম্ভাবনা থাকে। বিশেষ করে সদ্যজাত শিশুদের বিভিন্ন রোগের আশঙ্কা থাকে।

পৌরসভার বাসিন্দারা জানান, মশার উৎপাতে সন্ধ্যার পর ঘরের জানালা-দরজা বন্ধ করে দিতে হয়। তারপরও রেহাই নেই মশার হাত থেকে। মশার উৎপাত থেকে বাঁচতে বিভিন্ন কয়েল ও স্প্র্রে ব্যবহারেও নিস্তার মিলছে না বলেও জানান অনেকেই। মশক নিধনে কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েকগুণ।

কুলাউড়া পৌরসভার মাগুরা, আহমদাবাদ, চাতলগাঁও, লস্করপুর, শিবির এলাকা, জয়পাশা, সোনাপুর, বিহালা, আলালপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায় অধিকাংশ ড্রেন, নালা-নর্দমা, সড়কের আশপাশ, ফুটপাতসহ বিভিন্ন স্থান ময়লা-আবর্জনায় ঠাঁসা। ড্রেন, নালা-নর্দমা আবর্জনায় ভরে ওঠার কারণে পৌরসভায় মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পৌরবাসীর।

দীর্ঘদিন মশা মারার ঔষধ না ছিটানোরও অভিযোগ করেন তারা। অনেকে আবার বলছেন, পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মশার উপদ্রব বেড়েছে কয়েকগুণ। পৌর কর্তৃপক্ষ শেষ কবে মশা নিধনের ওষুধ ছিটিয়েছে তা কেউ মনে করতে পারছেন না।

এ ব্যাপারে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি কুলাউড়া পৌরসভার মেয়র।

শেয়ার করুন