২২ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, কুলাউড়া

মৌলভীবাজার : কুলাউড়ায় মনু নদীতে ডুবে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী আব্দুছ ছালাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নরসিংদী জেলার শিবপুর থানার আছকিরতলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কটারকোনা ব্রিজ সংলগ্ন মনু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও বেড়াতে আসা অন্যান্য সহপাঠি এবং তার প্রাইভেট কোচিংয়ের শিক্ষক সুলেমান ভুইঁয়া জানান, আব্দুছ ছালাম চলতি বছরে শিবপুর উপজেলার চৈতন্যাপুর উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাধবকুণ্ড জলপ্রপাতসহ মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য একটি প্রাইভেট গাড়িযোগে ছালাম, তার বন্ধু নওশাদ, কাওসার এবং তাদের প্রাইভেট কোচিং শিক্ষকসহ ১৪ জন সহপাঠি রওয়ানা দেয়।
শুক্রবার সকালে মাধবকুণ্ড জলপ্রপাত দেখে শমসেরনগরের মাধবপুর লেকের উদ্দেশ্যে যাওয়ার পথে কুলাউড়া-শমসেরনগর রোডের কটারকোনাস্থ মনু ব্রিজের পৌঁছালে তারা নদীতে গোসল করার জন্য গাড়ি থেকে নেমে যায়। এক পর্যায়ে সবার অলক্ষ্যে ছালাম পানিতে ডুব দেয়, এরপর আর ওঠেনি। পরে তাকে দেখতে না পেয়ে সহপাঠিরা খোঁজাখুজি ও চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে খোঁজতে থাকেন। না পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ছালামকে নদী থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবু বকর মো. নাসের রাশু ছালামকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।