২০ মার্চ ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর মেন্দিবাগ এলাকা থেকে অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগরের রিয়াজ উদ্দিনের ছেলে জাওয়াদ ইসলাম অর্ণব (২৩), দক্ষিণ সুরমা থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের আমির আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের কবির মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪), মোগলাবাজার থানাধীন গ্রামের আলমপুর বড়বাড়ির এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম (৩২)।
বুধবার কোতোয়ালি থানা পুলিশ আটককৃতদের দ্রুত বিচার আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে। এ সময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা নং- (সিলেট থ-১১-৩৬১৫) জব্দ করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে কোতোয়ালী থানার এসআই অনুপ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ ২টি ছোরা ও ছিনতাইকৃত তিনটি মোবাইল সেট উদ্ধার করে।
কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্ণবসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি মোবাইল সেট ও ২টি ছোরা উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলায় দায়ের করেছে পুলিশ। অর্ণবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।