১৯ মার্চ ২০১৯
ক্রীড়া ডেস্ক

সিলেট : টেস্ট ক্রিকেটের বয়সটা প্রায় ১৪২ বছর। এই সুদীর্ঘ সময় ধরে নির্দিষ্ট রীতিতেই চলছে মাঠের খেলা। রঙিন পোশাকে খোলোয়াড়দের নাম ও জার্সি নম্বর দেখা গেলেও টেস্টে এমনকি হয়নি কখনও। এবার সেই রীতিরই পরিবর্তন করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো নাম ও নম্বর সম্বলিত জার্সি পরে মাঠে নামতে যাচ্ছেন খেলোয়াড়েরা!
আসছে আগস্টের প্রথম দিন থেকেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ শুরু হচ্ছে। সেখানেই ক্রিকেটারদের নাম ও নম্বর সম্বলিত জার্সি দেখা যেতে পারে। আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার সেই টেস্ট সিরিজ দিয়েই প্রথমবারের মতো শুরু হচ্ছে আইসিসির নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।
যদিও নাম ও জার্সিতে নম্বর নিয়ে নতুন এ সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত করেনি আইসিসি।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থেকে বেছে নেয়া হবে সেরা নয়টি দলকে। ফাইনালে উঠতে পরবর্তী দুই বছর পয়েন্টের জন্য লড়বে তারা।
১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে নাম ও নম্বরহীন সাদা জার্সি পরে মাঠে নেমেছিলেন ইংলিশ ও অজি ক্রিকেটাররা।
আইসিসির নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অজি ক্রিকেটার ট্রাভিস হেড বলেছেন, ‘এতে ক্রিকেটারদের চিনতে সুবিধা হবে। ম্যাচগুলো সরাসরি সম্প্রচারেও বাড়তি সুবিধা হবে চ্যানেলগুলোর। বিষয়টি ইতিবাচক।’
উল্লেখ্য, ১৯৯২ বিশ্বকাপের আগ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের রঙিন জার্সিতে নাম ও নম্বর ছিল না।