১৭ মার্চ ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা শহরের এম এ মোতালিব চত্ত্বরে ট্রাকচাপায় হাফিজুর রহমান (২৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত হাফিজুর জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জিন্নাত উল্লার ছেলে।
রোববার বিকাল সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিম জানান, হবিগঞ্জ বাইপাস সড়ক দিয়ে কামড়াপুরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। উল্লেখিত স্থানে অটোরিকশার সামনে থাকা একটি ট্রাক হঠাৎ হার্ড ব্রেক করলে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় অটোরিকশাটি। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে চালক গুরুতর আহত হন।
সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় চালককে মৃত ঘোষণা করেন।
এসআই আব্দুর রহিম আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক এবং অটোরিকশা আটক করা হয়েছে। অটোরিকশাটি যাত্রীবিহীন ছিল বলেও নিশ্চিত করেছেন তিনি।