৫ মার্চ ২০১৯


আরো দুদিন থাকতে পারে বৃষ্টি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে আরো দু’দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কয়েকটি জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকলেও সিলেটে আপাতত এরকম সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

মঙ্গলবার দুপুরে আলাপকালে সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিধ সাইদ আহমদ চৌধুরী এ পূর্বাভাসের কথা জানান।

তিনি বলেন- আগামী দুদিন সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে সিলেট ও সুনামগঞ্জে বৃষ্টি হবে একেবারেই কম। এছাড়া আপাতত কালবৈশাখির সম্ভাবনাও নেই। কালবৈশাখী হলে এর আগে খুব গরম পড়বে বলেও তিনি বলে তিনি জানান।

সপ্তাহ-দশদিন আগে বৃষ্টির পূর্বাভাস দেয়া গেলেও কালবৈশাখীর পূর্বাভাস এতো আগে দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন- বড়জোর কয়েকঘন্টা আগে বলা যায় যে কালবৈশাখী ধেয়ে আসছে। তবে আপাতত সিলেটে এরকম সম্ভাবনা কম।

এদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চলতি মাসের শুরুতে বজ্রঝড় ও কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন–চার দিন হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি এবং পরবর্তী সময় একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মার্চ মাসে ক্রমান্বয়ে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বেড়ে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। একইভাবে এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ শ্রীকান্ত কুমার বসাক জানান, ঢাকা থেকে একটি পূর্বাভাসে মার্চ মাসের শেষের দিকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে বলা হয়েছে। এ ছাড়া কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দেয়া হয়েছে।

এর পাশাপাশি চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী বজ্র-ঝড় ও দেশের অন্যত্র দুই থেকে ৩ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বজ্র-ঝড় হতে পারে।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

শেয়ার করুন