৫ মার্চ ২০১৯

বালাগঞ্জ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জে বাজতে শুরু করেছে নির্বাচনী ডামাডোল। ২৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দের পর থেকেই স্ব স্ব প্রার্থী ও সমর্থকরা প্রচার প্রচারণা, উঠান বৈঠক, নির্বাচনী সভা গনসংযোগ করে চলেছেন। ভোটারদের সাথে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় সহ স্ব স্ব প্রতীকের ভোট কামনা করে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকায় ঝুলন্ত পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ আলোচনা। সকলের নজর এখন উপজেলা নির্বাচনের দিকে।
বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাজী মোস্তাকুর রহমান মফুর, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে আলহাজ্ব আবদাল মিয়া, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকে মোঃ গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী লাঙ্গল প্রতীকে মোঃ আব্দুর রহিম।
এদিকে, প্রচারনায় পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতায় রয়েছেন- টিউবওয়েল প্রতীক নিয়ে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, বাল্ব প্রতীকে সুজিত চন্দ্র গুপ্ত বাচ্চু, চশমা প্রতীক নিয়ে যুবলীগ নেতা সামছুদ্দিন সামছ, তালা প্রতীকে ছাত্রলীগ নেতা মোস্তাক উদ্দিন আহমদ, মাইক প্রতীক নিয়ে শেখ. মো. নুরে আলম।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে সুক্তি রানী দাশ, ফুটবল প্রতীকে সেবু আক্তার মনি, পদ্মফুল প্রতীকে কুলসুমা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।