২০ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুই আসনে সংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলের সবুজ সংকেত পেয়েছেন খেলাফত মজলিসের দুই সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। আসন দুটি হচ্ছে-সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর) ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ)।
দলটি এ দুটি আসনে তাদের প্রার্থী হিসাবে যথাক্রমে সিলেট-২ আসনে দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও সিলেট-৩ আসনে সংগঠনের জেলা শাখার যুগ্ম সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসেনকে মনোনীত করেছে।
দলের সমর্থন পাওয়ার পরপরই এ দুই প্রার্থী নিজ নিজ আসনে গণসংযোগে নেমে পড়েছেন। গণসংযোগের পাশাপাশি বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়ে দুর্গতদের সাধ্যমত ত্রাণ সহায়তা প্রদান করেছেন ও বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ ও সংগঠনকে আর্থিক সহায়তা করে যাচ্ছেন এলাকার গরীব-নিরীহ লোকেদের ঘর নির্মান সহ বিভিন্ন সহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতার জন্য খেলাফত মজলিসের পক্ষ থেকে সিলেট জেলায় দুজন প্রার্থীকে মনোনয়ন চাইবে ২০ দলীয় জোটের কাছে। বিষয়টি এরই মধ্যে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও অবহিত করা হয়েছে। দলের নেতা-কর্মীরা জানিয়েছেন, জোটের মনোনয়ন না পেলেও এ দুজন প্রার্থী নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছেন। প্রয়োজনে তারা দলের পক্ষ থেকে এককভাবে নির্বাচন করবেন।
দলীয় সূত্র জানায়, তাদের নেতা-কর্মীরা এই দু প্রার্থীর ব্যাপারে যথেষ্ট ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নিরলস কার্যক্রম ও প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী এলাকায় প্রতিদিন তারা সকাল থেকে রাত অবধি কর্মীদের নিয়ে গ্রাম থেকে গ্রামে চষে বেড়াচ্ছেন। তাদের দুই প্রার্থী পরিচ্ছন্ন ইমেজের অধিকারী। উচ্চ শিক্ষিত এ দুই প্রার্থী ইতোমধ্যেই নিজ নিজ এলাকার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতির সামনের কাতারে চলে এসেছেন। দিন দিন তাদের প্রচার কার্যক্রম আরো জোরদার হচ্ছে।
দলীয় সূত্র আরো জানায়, এর বাইরে সিলেট বিভাগের আরো কয়েকটি আসনে খেলাফত মজলিস প্রার্থীরা তৎপরতা চালাচ্ছেন । দলের কেন্দ্রীয় কমিটির হাতে সিলেট বিভাগের ১৯টি আসন থেকে দলীয় অন্তত ১৩ প্রার্থীর নামের একটি তালিকা পৌঁছেছে। এই তালিকা থেকে ২০ দলীয় জোটের সঙ্গে আলাপ-আলোচনা করে সমঝোতার ভিত্তিতে খেলাফত মজলিস সংসদ সদস্য প্রার্থী দিবে।
কিন্তু সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসাইনকে জোটের বাইরে গিয়ে হলেও একক প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে দলটি। খেলাফত মজলিসের এই দু নেতা সিলেটে নিজ নিজ আসনে কল্যাণমূলক কাজ ব্যাপৃত রয়েছেন। নির্বাচনী মাঠে তারা চালাচ্ছেন সরব প্রচারণা।
মুনতাসির আলী : মুহাম্মদ মুনতাসির আলী একজন প্রতিশ্রæতিশীল রাজনীতিবিদ। আধুনিক ও ইসলামী জ্ঞানের অপূর্ব সমন্বয়ে জ্ঞানগর্ভ বাগ্মিতা ও অপূর্ব সাংগঠনিক দক্ষতা তাকে জাতীয় রাজনৈতিক পরিমন্ডলে প্রতিষ্ঠিত করেছে। তিনি কখনও কর্মী, কখনও সংগঠক, কখনও নেতৃত্বের সম্মোহনী শক্তিতে জেল-জুলুম নির্যাতন সহ্য করে এসেছেন। মুনতাসির আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি থাকাকালে তিনি সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা ছিলেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিরোধী আন্দোলনের তিনি সরব ভূমিকা পালন করেন। এজন্য তিনি কারাবরণ করেন। রাজনীতির পাশাপাশি মুহাম্মদ মুনতাসির একজন সফল ব্যবসায়ীও। তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা পরিচালক, সিলেটের সর্ববৃহৎ আবাসন শিল্প প্রতিষ্ঠান আর্ক রিয়েল এস্টেট প্রা. লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
দিলওয়ার হোসাইন : দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খিদিরপুর গ্রামের সন্তান দিলওয়ার হোসাইন। বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস ডিগ্রী লাভ করেছেন তিনি। আর্ক রিয়েল এস্টেট (প্রাঃ) লিমিটেড-এর তিনি প্রকল্প পরিচালক এবং হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের-এর ম্যানেজিং ডিরেক্টর। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়া তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের আজীবন সদস্য। মুহাম্মদ দিলওয়ার হোসাইন এলাকার উন্নয়নে একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ও আর্থিক সহযোগিতায় এবং তাঁর (মুহাম্মদ দিলওয়ার হোসাইন) এর প্রচেষ্টায় দক্ষিণ সুরমায় ১৩টি গরীব অসহায় লোককে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
এছাড়া, এলাকার গরীব-নিরীহ লোকজনের মধ্যে তিনি বিভিন্ন সময় হুইল চেয়ার এবং গেল রমজানে এক সাথে এলাকার এক হাজার লোকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে ব্যাপক সাড়া ফেলেন।
সিলেট-২ আসনের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, দলের সমর্থন নিয়ে মাঠে জনগণের খেদমত করে যাচ্ছি। নির্বাচনে দলের ইচ্ছাকেই তিনি সবচেয়ে গুরুত্ব দেবেন বলে জানান।
সিলেট-৩ আসনের প্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসাইন বলেন, নিজ নির্বাচনী এলাকার মানুষ চান তাদের সুখে-দুখে পাশে থাকি। জনগণ চাইলে অবশ্যই আগামী নির্বাচনে প্রার্থী হবো। তবে অবশ্যই দল থেকে প্রার্থী হতে চাই।
খেলাফত মজলিস কেন্দ্রীয় মহাসচিব ড. আব্দুল কাদের বলেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট থেকে বিভিন্ন আসন থেকে একটি তালিকায় অনেকেরই নাম এসেছে । তবে সিলেট-২ ও সিলেট-৩ আসনে এ পর্যন্ত এককভাবে মুনতাসির আলী এবং দিলওয়ার হোসাইনের নাম প্রস্তাব এসেছে। দলের বিবেচনায় দুজনই ভালো প্রার্থী।
(আজকের সিলেট/২০ আগষ্ট/ডি/কেআর/ঘ.)