১৯ ফেব্রুয়ারি ২০১৯


হবিগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানার সন্ধান

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় নকল ডিটারজেন্ট পাউডারের কারাখানা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল ও বালুর মিশ্রনে তৈরি প্রায় ৮০ কেজি নকল ডিটারজেন্ট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশনা শারমিন মিথি ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, গোপন সূত্রে এই নকল ডিটারজেন্ট কারখানার খবর পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক পালিয়ে গেছেন।

ওই কারখানায় থাকা শান্তা আক্তার নামে এক শ্রমিক জানান, এখানে তিনি সপ্তাহখানেক আগে ৩ হাজার টাকা মাসিক বেতনে কাজ শুরু করেছেন। এই নকল পন্য তৈরির সাথে কারা জড়িত তা তিনি বলতে পারেননি।

তবে ওই শ্রমিক জানান, তারা সার্ফ এক্সেল, সুপার এক্সেল এবং রিম নামের মোড়কের মাধ্যমে এসব বাজারজাত করেন। প্রতিদিন বাজারের চাহিদা অনুযায়ী এগুলো তৈরি এবং প্যাকেট করা হয়ে থাকে।

এদিকে, ধুলিয়াখাল বিসিক শিল্প নগরীতে পঁচা ডিম ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির মাধ্যমে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় আসাদ ফুড প্রোডাক্টস নামক এক বিস্কুট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও ম্যানেজার সুশীল চন্দ্র দাশ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে ময়লা-আবর্জনা পরিহার এবং আইন মান্য করে বিস্কুট তৈরির নির্দেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন