১৪ ফেব্রুয়ারি ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। নিহত শায়খুল ইসলাম সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার ফতেপুর ইউপির অনন্তপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। তিনি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের শেখ ফযিলাতুননেছা ফাযিল মাদরাসার প্রিন্সিপাল।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুরুঙ্গা সড়কের মুখে এ ‘দুর্ঘটনা’ ঘটে। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাওলানা শায়খুল ইসলাম মোটরসাইকেলযোগে মাদরাসায় যাওয়ার সময় বুরুঙ্গা সড়কের মুখে পৌঁছালে পেছন দিক থেকে আসা একই মাদরাসার প্রভাষক (বাংলা) লুৎফুর রহমানের প্রাইভেট কার (সিলেট-হ-১২-০০৫৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে শায়খুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় কারের চালক ও প্রভাষক লুৎফুর রহমান পালিয়ে যান বলে জানা যায়।
প্রিন্সিপাল ও প্রভাষক একই মাদরাসার শিক্ষক হওয়ায় এ ঘটনা নিয়ে জনমনে নানা জল্পন- কল্পনার সৃষ্টি হয়েছে।
শায়খুল ইসলামের চাচা শাহ আলম বলেন, আমার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।
মাদরাসার প্রভাষক মাওলানা আহমদ আলী হেলালী বলেন, আমরা ছাত্র-শিক্ষক এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিন্সিপাল শায়খুল ইসলামের খুনি লুৎফুর রহমানের ফাঁসি চাই।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।