১৪ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ল’ (আইন) কলেজে মেধা তালিকার বাইরে ৭ শিক্ষার্থীকে ভর্তি করানোর দাবি নিয়ে প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময় কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় অবস্থিত ল’ কলেজে ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়।
শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রণজিৎ সরকারের অনুসারী ছাত্রলীগের সঞ্জয় ও ঝোটনের নেত্বত্বে একদল ছাত্রলীগে নেতা-কর্মীরা সিলেটের ল’ কলেজে এ হামলা চালায়। এসময় তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং কলেজের প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিনিয়ে নেয়।
এর আগে ৭ শিক্ষার্থীকে মেধা তালিকার বাইরে ও বিনা খরচে ভর্তি করানোসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে বুধবার রাতে সিলেট ল’ কলেজের অধ্যক্ষে এডভোকেট সৈয়দ মহসিন আহমেদের বাসায় যান ছাত্রলীগের সঞ্জয় ও ঝোটন। এসময় তারা কলেজ অধ্যক্ষকে সেই সাত শিক্ষার্থীকে কলেজে ভর্তির জন্য চাপ প্রয়োগ করেন।
এদিকে, এ ৭ শিক্ষার্থীকে ভর্তির ব্যাপারে কলেজ অধ্যক্ষ অপারগতা প্রকাশ করলে সকাল সাড়ে এগারোটায় দিকে তারা এ হামলার ঘটনা ঘটায়।
সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমেদ বলেন, মেধা তালিকার বাইরের ৭জন শিক্ষার্থীকে ভর্তি করানোর মতো অনৈতিক আবদার নিয়ে আমার কাছে আসে সিলেট ল’ কলেজ থেকে ২ বছর আগে পাশ করে বের হয়ে যায় দুই শিক্ষার্থী সঞ্জয় ও ঝোটন। আমি তাদের অনুরোধে সাড়া না দিলে তারা আজ কলেজ ক্যাম্পাসে হামলা ঘটনা ঘটায়। এটি তাদের প্রতিবছরের আদবার।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসে নি। তবে এখনই আমরা খবর নিচ্ছি।