১০ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকার একটি কলনী থেকে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক রুদ্র জিৎ দে (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুদ্র জিৎ দে মৌলভী বাজার জেলার রাজনগর এলাকার কামাল চাকি গ্রামের রতিশাল দে’র পুত্র।
রোববার দুপুরে তার লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিছুজ্জামান জানান, অলিপুরে অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানির পার্শ্ববর্তী একটি কলনীতে বসবাস করত রুদ্র জিৎ নামে ওই যুবক। গত ৩ মাস পুর্বে সে ওই কোম্পানির চাকরি ছেড়ে দেয়। সকালে তার রুমের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দরজা খুলে ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, ওই যুবকের মরদেহের পাশ থেকে ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশা করার করার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।