৯ ফেব্রুয়ারি ২০১৯


হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ দেবলীনা দাশ গুপ্তসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, এ বছর হবিগঞ্জ জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৩২৫ শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ২৩৬ শিশুকে খাওয়ানো হচ্ছে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল। ১ হাজার ৮৯৪টি কেন্দ্রে খাওয়ানো হচ্ছে এই ভিটামিন। ৪ হাজার ৮২১জন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য কর্মী দায়িত্ব পালন করবেন এই কর্মসূচিতে।

তিনি আরও জানান, এর পূর্বের রাউন্ডে হবিগঞ্জ জেলার অর্জন ছিল ৬-১১ মাসে ৯৮.৭৫ শতাংশ এবং ১২-৫৯ মাসে ৯৯.৪৭ শতাংশ। এ বছর যদিও এসএসসি পরীক্ষা রয়েছে তারপরও এই সফলতা ধরে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন