৮ ফেব্রুয়ারি ২০১৯


বালাগঞ্জে নৌকা চান মফুর-আনহার

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ সিলেটের ওসমানীনগর ছাড়া সবক’টি উপজেলার ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নেবে না বিএনপি নেতৃত্বাধীন জোট। তবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ।

এর অংশ হিসেবে দলীয় মনোনয়ন বিক্রিও শুরু করেছে ক্ষমতাসীন এ দল। সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ‘নৌকা’ পেতে মাঠে তৎপর রয়েছেন দুইজন। ইতোমধ্যে তারা দলের মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন।

এ দুই নেতা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আনহার মিয়া। ইতিমধ্যে তারা দুজনেই আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দেন। এদের মধ্যে মোস্তাকুর রহমান মফুর আগেও একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমাদানকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ বিষয়ে আলাপকালে মনোনয়ন প্রত্যাশী মোস্তাকুর রহমান মফুর ও মো. আনহার মিয়া দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ কর্মী সভা গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় দলীয় একক প্রার্থী চুড়ান্ত না করতে পারায় এ বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন