৪ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মলিকা দে’র আদালতে হাজির করা হলে তিনি এ দন্ডাদেশ প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, রোববার দিবাগত ভোররাতে উপজেলার শাহজী বাজার রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোশ বানু (৬০) ও পরিস্কার বেগম (৪৬) নামে দুই নারীকে গাঁজাসহ আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত খোশ বানুকে ১ মাস ও পরিস্কার বেগমকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
খোশ বানু উপজেলার ফতেহপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী এবং পরিস্কার বেগম শায়েস্তাগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের নওশাই মিয়ার স্ত্রী।
সিদ্দিকুর রহমান জানান, ওই দুই নারী দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। দুপুরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।