৩ ফেব্রুয়ারি ২০১৯


সিলেটে এক বছরে সড়কে ১৯৫ জনের প্রাণহানি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে ২০১৮ সালে এক বছরে সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯৫ জন মানুষ। তন্মধ্যে আহত হয়েছেন আরও ৪৯৯ জন। সড়কে প্রাণহানীর ব্যাপারে অশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেটের একটি প্রতিবেদনে প্রাণহানীর বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনের উল্লেখ করা হয়, সিলেট বিভাগের ১৬২টি সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭১ জন ও আহত হয়েছেন ২০৮ জন। সুনামগঞ্জ জেলায় ২৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯ জন ও আহত ১১০ জন, মৌলভীবাজারে ২২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬ ও আহত হয়েছেন ৩২ জন এবং হবিগঞ্জে ৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ৬৯ জন ও আহত হন ১৪৯ জন।

দেশের ৬টি জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য ও শাখা সংগঠনগুলোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিসচা কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন তৈরি করেছে।

নিসচা প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও তার যথারীতি প্রয়োগ না থাকাকে সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এসব দুর্ঘটনার জন্য দায়ি করা হয়েছে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার ও মোটরসাইকেলকে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিশু বলেন, নিসচা ২০১২ সাল থেকে প্রতি বছর সড়ক দুর্ঘটনার প্রতিবেদন পেশ করে আসছে। সড়ক দুর্ঘটনারোধের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১৭ দফা নির্দেশনা ও সম্প্রতি পাশ হওয়া সড়ক পরিবহণ আইনের দ্রæত বাস্তবায়ন করলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

শেয়ার করুন